মঠের অধ্যক্ষ হত্যা মামলায় অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যার ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। ঘটনার তিন দিনেও পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, তা উদ্ধার করতে পারেনি।

পুলিশ অবশ্য দাবি করেছে, তদন্ত অনেক দূর এগিয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আর কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা গ্রামে করতোয়া নদীর পাড়ে অবস্থিত সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গত রোববার সকালে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। মঠের সেবায়েত গোপাল চন্দ্র রায় (৩২) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই দিনই একটি হত্যা মামলা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়। পুলিশ ওই দিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খলিলুর রহমান (৬০), বাবুল হোসেন (৩২) ও জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতারের দাবি, খলিলুর ও বাবুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। খলিলুর ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। জাহাঙ্গীর শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নাশকতার মামলার আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

আট সদস্যবিশিষ্ট মামলার তদন্ত তদারক দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যসহ সার্বিক বিষয়সহ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একযোগে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: