দেশের বিভিন্ন এলাকায় এক দশকে মঠ-মন্দির, গির্জা, প্যাগোডায় হামলার ঘটনা ঘটলেও এর কোনোটিরই বিচার হয়নি। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। বিভিন্ন সময়ে সংখ্যালঘু অনেক ধর্মীয় গুরুকে হত্যা করা হলেও অপরাধীদের শাস্তি হয়নি। গতকাল শনিবার চট্টগ্রাম নগরে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে দেশ ত্যাগে বাধ্য করা এবং তাঁদের জায়গা-সম্পত্তি গ্রাস করতে এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। দ্রুত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা দেবীগঞ্জে মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে করার দাবি জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি অরবিন্দ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, মতি লাল দেওয়ানজী, বিজয়লক্ষ্মী দেবী, চন্দন বিশ্বাস, বিজয় কুমার বড়ুয়া, তুষার কান্তি সিংহ হাজারী, দুলাল চৌধুরী প্রমুখ।