প্রথম আলো আয়োজিত ‘পুরান ঢাকা বিতর্ক উৎসব ২০১৩’ উপলক্ষে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মডারেটরদের বিতর্কবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয় এ প্রশিক্ষণ কর্মসূচি। বিতর্কের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন শরীফ উদ্দিন আহমেদ, উত্তম রায়, মাজেদ আজাদ, সুবর্ণ বড়ুয়া ও শাকিল মাহবুব।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রদর্শনী হিসেবে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। এটির বিষয় ছিল ‘ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকাই প্রধান’। সরকারি দল হিসেবে অংশ নেয় ভিকারুননিসা নূন স্কুলের সাদিয়া ইসলাম, সৃষ্টি সেনগুপ্তা ও আসনুভা তানভীন। বিরোধী দল হিসেবে অংশ নেয় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের অনয় ভূঁইয়া, আমীর হামজা ও পার্থ সাহা।
প্রশিক্ষণে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মডারেটররা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।