মডেল টেস্ট ফি ও বেতনের নামে অর্থ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে মডেল টেস্ট ফি এবং বেতনের নামে কর্তৃপক্ষ নিয়ম-বহির্ভূতভাবে অর্থ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবকেরা গতকাল সোমবার এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের দপ্তরে জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল হক এ বছর বিদ্যালয়ের জেএসসি (অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা) পরীক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ এক হাজার টাকা এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের সঙ্গে মডেল টেস্ট ফি বাবদ অতিরিক্ত ৫০০ টাকা করে আদায় করছেন।বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী তাসনিম জাহান মুক্তির অভিভাবক এনামুল হক বলেন, ‘গত শনিবার পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিয়ে দিলেও আমার মেয়ে প্রবেশপত্র পায়নি। পরদিন রোববার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্র চাইলে তিন জানিয়ে দেন, মাসিক বেতন না দিলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা। প্রবেশপত্র না পেয়ে আমার মেয়ে ভেঙে পড়েছে।’ এসএসসি পরীক্ষার্থী আয়শা সিদ্দিকা ফারহানার মা রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘মডেল টেস্টের নামে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। মডেল টেস্টে অংশগ্রহণ না করলেও এ টাকা নেওয়া হচ্ছে। টাকা দেয়নি বলে আমার মেয়ের ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না।’ এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হকের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমা নাথ জানান, বিভিন্ন স্কুলে মডেল টেস্ট ও কোচিং করানো হয় মূলত ছাত্রছাত্রীদের ভালোর জন্যই। তবে এ জন্য বাধ্যতামূলকভাবে টাকা আদায় করা হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে।