দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি চারমাথার এক শিক্ষকের ভাড়া বাসা থেকে গত মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় মডেল টেস্টের খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ওই শিক্ষককে আটক করলেও পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে খাতা ও প্রশ্নপত্র বিতরণ করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রধান বলেন, বোয়ালদাড় ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা হবে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কিন্তু এই কেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ করাবে না বলে চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মামুনুর রশিদ মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ২১০টি খাতা ও ২১০টি প্রশ্নপত্র গ্রহণ করেন। নিয়ম না থাকলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে এই সুবিধা দিয়েছেন। তাঁর অনুমতি পেয়ে ওই শিক্ষককে খাতা ও প্রশ্নপত্র দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক মামুন যখন প্রশ্নপত্র ও খাতা নেন, তখন আমি অফিসের বাইরে ছিলাম। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি নিয়ে অন্য শিক্ষকেরা অভিযোগ করলে আমি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই। এ সময় ইউএনও পুলিশ পাঠিয়ে ওই শিক্ষকের বাসা থেকে ২১০টি খাতা ও ২১০টি প্রশ্নপত্র উদ্ধার ও শিক্ষক মামুনকেও আটক করেন।’
মামুনুর রশিদ বলেন, ‘নিয়মের বিষয়টি আমি জানি না। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভালো বলতে পারবেন।’ তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
ইউএনও আজাহারুল ইসলাম বলেন, মামুনুর রশিদ ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে গতকাল বুধবার দুপুরে একটি মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরও পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।