মডেল তাহিয়া তাবাসসুমকে হত্যার কথা স্বীকার করেছেন তাঁর বন্ধু আশিস কর্মকার (২৩)। গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি হত্যাকাণ্ডের বর্ণনাও দেন।আশিসকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তাঁকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।ব্রিফিংয়ে ডিবির কর্মকর্তারা বলেন, আশিস ওরফে রেহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জিজ্ঞাসাবাদে তিনি তাবাসসুমকে হত্যার কথা স্বীকার করেছেন।৩০ অক্টোবর রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের ১২/৬ নম্বর বাড়ির চারতলার ছাদের দরজার পাশ থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করে।আশিস সাংবাদিকদের বলেন, মডেলিং করার সুবাদে তাবাসসুমের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব হয়। ৩০ অক্টোবর দুপুরে তাঁর সঙ্গে দেখা করতে তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তাঁরা রায়েরবাজারে গিয়ে ইয়াবা বড়ি কিনে তাজমহল রোডের ওই বাড়িতে যান। সেখানকার জেনেসিস ভিউ নামের একটি প্রতিষ্ঠানের হয়ে তাঁরা মডেলিং করতেন। তিনি বলেন, চারতলার সিঁড়িতে ইয়াবা সেবনের সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর ধাক্কায় তাবাসসুম মাথায় আঘাত পান এবং ক্ষিপ্ত হয়ে তাঁকে আঁচড়াতে থাকেন। তিনি এরপর তাবাসসুমকে ধরে চারতলার ছাদের দরজার পাশে নিয়ে উপুড় করে পিঠের ওপর বসে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আশিস ঘটনাটিকে ধর্ষণ হিসেবে চালাতে হত্যার পর তাবাসসুমের পরনের কাপড় ছিঁড়ে ফেলেন, শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি করেন। তিনি তাবাসসুমের ওড়না, মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ তাজমহল রোডের মাথায় একটি খোলা ডাস্টবিনে ফেলে পালিয়ে যান।উপকমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে আশিস জানান, তাবাসসুমের সঙ্গে বিয়ে না হলেও তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে মাঝেমধ্যে ধানমন্ডিতে এক বন্ধুর বাসায় থাকতেন।পরে ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, তাজমহল রোডের ওই ডাস্টবিনে তল্লাশি করে হত্যার আলামত ওড়না, মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়নি। গতকাল আশিসকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠালে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, গত বৃহস্পতিবার ডিবি তাবাসসুম হত্যা মামলার তদন্তভার নেয়।