মডেল থানার কাজ চলছে ভাড়া ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মূল এই ভবনটি পরিত্যক্ত হওয়ায় পুলিশ সদস্যরা অফিস করছেন জেলা পরিষদ অডিটরিয়ামের দ্বিতীয় তলার হলরুমে। পরিত্যক্ত মূল থানা ভবনের ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মূল এই ভবনটি পরিত্যক্ত হওয়ায় পুলিশ সদস্যরা অফিস করছেন জেলা পরিষদ অডিটরিয়ামের দ্বিতীয় তলার হলরুমে। পরিত্যক্ত মূল থানা ভবনের ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

প্রায় পাঁচ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর থানাটি মডেল থানা ঘোষণা করা হয়েছে। সেই মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যরা জেলা পরিষদ মিলনায়তন ভাড়া নিয়ে সব কার্যক্রম চালাচ্ছেন। তাঁরা এই মিলনায়তনের দ্বিতীয় তলার হলরুমে অফিস ও নিচতলায় বসবাস করছেন।
মডেল থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য জানান, এভাবে অফিস করা যায় না। মিলনায়তনের মধ্যে ফাঁকা স্থানে পাশাপাশি চেয়ার-টেবিল পেতে তাঁদের কাজ করতে হচ্ছে। এভাবে একটি থানা চলতে পারে না। জেলা পরিষদের মিলনায়তন বিনোদনমূলক নানা অনুষ্ঠান করার জন্য নির্মিত। এখানে অফিসের কাজ ও বাসা হিসেবে ব্যবহার কখনো সম্ভব নয়। এর পরও নিজস্ব ভবনের অভাবে তাঁরা তা করছেন।
থানায় গিয়ে দেখা যায়, সেখানে ১৯২৬ সালে নির্মিত টিনশেড ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেয়ালের পলেস্তারা খুলে খুলে পড়ছে। ব্যবহারের অনুপযোগী এই পরিত্যক্ত ভবনটি ব্যবহার করছেন টাউন ফাঁড়ির পুলিশ সদস্যরা। সেখানে কর্মরত এটিএসআই হাফিজুর রহমান জানান, ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় থানা কর্তৃপক্ষ গত নভেম্বরে জেলা পরিষদের মিলনায়তনে চলে গেছে। এ সুযোগে তাঁরা এসে উঠেছেন। কারণ, টাউন ফাঁড়ির ভবনটি আরও ঝুঁকিপূর্ণ। সারাক্ষণ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে তাঁদের চলতে হতো। ফাঁড়িতে একজন ট্রাফিক সার্জেন্ট, একজন টিএসআই ও ১৬ জন কনস্টেবল থাকার কথা থাকলেও বর্তমানে ফাঁড়িটি চলছে একজন এটিএসআই ও আটজন কনস্টেবল দিয়ে।
মিলনায়তনে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় কর্মকর্তারা অফিস করছেন। ভবনে ঢুকেই পাশের রুমে বসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। অন্য কর্মকর্তারা আছেন হলরুমে। ছড়িয়ে ছিটিয়ে চেয়ার-টেবিল পেতে তাঁরা অফিসের কাজ করছেন। ভবনের নিচতলা ব্যারাক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্মরত পুলিশ সদস্যরা সেখানে রাতযাপন করছেন।
কোটচাঁদপুর মডেল থানার সদ্য বদলি হওয়া ওসি শাহজাহান আলী জানান, ২০১০ সাল থেকে কোটচাঁদপুর থানাকে মডেল থানা হিসেবে ঘোষণা করা হয়। এই থানায় দুজন পরিদর্শক, ছয়জন এসআই, পাঁচজন এএসআই ও ৪০ জন কনস্টেবল থাকার কথা। কিন্তু এখানে বর্তমানে দুজন কর্মকর্তা ও আটজন কনস্টেবল কম রয়েছেন। বর্তমান ওসি ফজলুর রহমান জানান, এই কম লোক নিয়েই তাঁরা কাজ করছেন। কিন্তু তাঁদের প্রধান সমস্যা থানা ভবন। নিজস্ব ভবন না থাকায় জেলা পরিষদের কাছ থেকে মিলনায়তন ভাড়া নিয়ে তাঁদের চলতে হচ্ছে। মিলনায়তন কখনো অফিস হিসেবে ব্যবহার হতে পারে না। এর পরও তাঁরা কষ্ট করে কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তাঁরা আশা করছেন অতি দ্রুতই কোটচাঁদপুর থানা ভবন নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে তাঁরা জায়গা নির্ধারণের কাজ শেষ করেছেন। জায়গা নির্ধারণে কিছুটা জটিলতা থাকায় এই বিলম্ব।