মডেল থানার পাশেই মাদকের ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, এক হাজার টাকা দরকার’, ‘কাচ আছে না, ভাই’, ‘প্লাস্টিক তো ছয় টাকা কইরা অ্যাবুল্যাবুল’—ঢাকার সাভার মডেল থানার পাশে দাঁড়িয়ে মুঠোফোনে গত শনিবার সন্ধ্যায় এসব কথা বলছিলেন কয়েকজন যুবক। কিছুক্ষণ পরই মধ্যবয়সী এক ব্যক্তি এসে তাঁদের কাছে পৌঁছে দেন ফেনসিডিল। মধ্যবয়সী ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান। তিনি ‘ফেনসি-সিদ্দিক’ হিসেবে পরিচিত। থাকেন থানার পাশে সরকারি খাসজমিতে। মাদকসেবী বিভিন্ন বয়সী তরুণ প্রতিদিন সকাল থেকেই সিদ্দিকের বাসার পেছনে নামাবাজার সড়কে জড়ো হতে শুরু করে। নানা সাংকেতিক ভাষায় নিজেদের চাহিদার কথা মুঠোফোনে জানিয়ে দেয় তারা। এর পরই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় ফেনসিডিল।সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এক বোতল ফেনসিডিলের জন্য ‘এক হাজার টাকা’ বা ‘এক টাকা’, দুই বোতলের জন্য ‘দুই হাজার টাকা’ বা ‘দুই টাকা’ প্রভৃতি সংকেত ব্যবহার করা হয়। এ ছাড়া ফেনসিডিলের মূল্য বোঝাতে ৬০০ টাকার পরিবর্তে ‘ছয় টাকা’, ৬৫০ টাকার পরিবর্তে ‘সাড়ে ছয় টাকা’ এবং ৭০০ টাকার পরিবর্তে ‘সাত টাকা’ প্রভৃতি সংকেত ব্যবহূত হয়ে থাকে।স্থানীয় সূত্রে জানা যায়, থানার পাশে বসবাস করেও সিদ্দিক এক যুগের বেশি সময় ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছেন। সব জানার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। সাভার মডেল থানা থেকেই ফেনসিডিল সংগ্রহ করেন সিদ্দিক। বিভিন্ন অভিযানে জব্দ করা ফেনসিডিল সিদ্দিকের কাছেই বিক্রি করে পুলিশ। কয়েকজন মাদকসেবী নাম প্রকাশ না করার শর্তে জানায়, ইদানীং ফেনসিডিলের পাশাপাশি ইয়াবাও বিক্রি করছেন সিদ্দিক। বাড়ির আশপাশেই তিনি লুকিয়ে রাখেন এসব মাদকদ্রব্য। খদ্দের এসে সংকেত দিলেই চাহিদামতো পৌঁছে দেন। ফেনসিডিল বিক্রির কথা স্বীকার করে সিদ্দিকুর রহমান বলেন, ‘পুলিশই আমারে দিয়া বিক্রি করায়। আমার কি ক্ষমতা আছে থানার পাশে থাইক্যা ফেনসিডিল বিক্রি করার? তবে ইদানীং আমি ফেনসিডিলের ব্যবসা ছাইড়া দিছি।’সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘সিদ্দিক মাদকের ব্যবসা করেন, এটা সবাই জানে। কিন্তু তাঁকে হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না।’ থানা থেকে সিদ্দিকের কাছে ফেনসিডিল সরবরাহের অভিযোগ প্রসঙ্গে এসআই আবুল হোসেন বলেন, ‘মাদক ব্যবসায়ীরা কত কিছুই বলে, সব কথা তো বিশ্বাস করা যাবে না।’