মডেল পৌরসভায় রূপান্তরের অঙ্গীকার মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভাকে আগামী সাড়ে ৪ বছরে দেশের অন্যতম আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করার অঙ্গীকার করেছেন মেয়র সহিদ উল্যাহ খান। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় গতকাল বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন তিনি।
শত বছরের পুরোনো নোয়াখালী পৌরসভার বর্তমান জীর্ণদশার কথা তুলে ধরে মেয়র বলেন, নির্বাচিত হওয়ার আগে তিনি শহরকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল শহরে রূপান্তর করার অঙ্গীকার করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি নাগরিকদের সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।
সহিদ উল্যাহ খান বলেন, দায়িত্ব গ্রহণের দিনই বিদ্যুৎ বিলসহ বিভিন্ন দপ্তরের ২১ কোটি টাকা দেনার দায় তাঁর কাঁধে এসে পড়ে। বিদ্যুতের বকেয়া থাকা সাড়ে ৩ কোটি টাকার মধ্যে ২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অপরিকল্পিত ও অবৈধভাবে গড়ে তোলা বেশ কিছু স্থাপনা ভাঙা হয়েছে। ময়লা-আবর্জনার গাড়িগুলো ছিল অকেজো। তা মেরামত করা হয়েছে।
মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকায় ড্রেন করা হলেও তা ছিল অপরিকল্পিত। এ খাতে কোটি কোটি টাকা খরচ করা হলেও জলাবদ্ধতা দূর করা সম্ভব হয়নি। শহরের ৮৫ শতাংশ সড়কই চলাচলের অনুপযোগী।
জলাবদ্ধতা নিরসনে শহরের ছাগলমারা খালসহ ছোটখাটো খালগুলো সংস্কার করার ঘোষণা দেন মেয়র।
মতবিনিময় সভায় প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।