মডেল বিদ্যালয় নির্বাচনে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়কে মডেল বিদ্যালয় নির্বাচন না করে অন্য ইউনিয়নের একটি বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে। সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় বরাবর পাঠানো এক আবেদনে এ অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সরকার ২০০৮ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন ৩০৬টি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয়কে ‘মডেল বিদ্যালয়’ ঘোষণার প্রকল্প নেয়। নিয়মানুযায়ী উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়গুলো এ প্রকল্পের আওতায় পড়বে। কিন্তু সাটুরিয়া উপজেলার ক্ষেত্রে এ নিয়ম লঙ্ঘন করে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়কে মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত এপ্রিল মাসে পাঠানো ওই আবেদনে সাটুরিয়ার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সুপারিশ রয়েছে।
সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম হোসেন অভিযোগ করে বলেন, সাটুরিয়া উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রভাবিত হয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মন্ত্রণালয় ওই বিদ্যালয়টিকে উপজেলার মডেল বিদ্যালয় হিসেবে নির্বাচন করেছে।
অভিযোগ অস্বীকার করে ইউএনও আবুল কাশেম বলেন, ‘আমি সেখানে দায়িত্ব পালনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি পরিদর্শক দল দুটি বিদ্যালয় পরিদর্শন করে। এ ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিক মল্লিক বলেন, ‘২০০৮ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি দল স্বেচ্ছায় দুটি বিদ্যালয় পরিদর্শন করে আমাদের বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণার সুপারিশ করে প্রতিবেদন দেয়। এখানে কেউ কোনো প্রভাব খাটায়নি।’