মডেল বিদ্যালয় বারান্দায় পাঠদান!
ঠাকুরগাঁও সদর উপজেলার বি আখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শ্রেণীর শিক্ষার্থীদের বারান্দায় ক্লাস করতে হচ্ছে। শ্রেণীকক্ষ-সংকটের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। রাস্তার পাশে হওয়ায় যানবাহনের শব্দে শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগ দিতে পারছে না। ওই বিদ্যালয়ের এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, মডেল বিদ্যালয় সাধারণত অন্য সব বিদ্যালয়ের আদর্শ ও দৃষ্টান্ত হিসেবে কাজ করে। কিন্তু মডেল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ নিতে হচ্ছে বিদ্যালয়ের বারান্দায়। গত শনিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের একটি কক্ষের বারান্দায় বেঞ্চ পেতে প্রাক-প্রাথমিক শ্রেণীর পাঠদান করা হচ্ছে। পাঠদান করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা পারভীন।প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী চাদনী আক্তার বলে, ‘স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বারান্দায় ক্লাস করছি। রাস্তা দিয়ে গাড়ি গেলে আপার কথাই শোনা যায় না।’ সহকারী শিক্ষক শামীমা পারভীন বলেন, সেকশনের তুলনায় শ্রেণীকক্ষ কম থাকায় প্রাক-প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর একটি সেকশনের শিক্ষার্থীদের বারান্দায় বেঞ্চ পেতে পাঠদান করতে হয়।একই ভবনের বারান্দার অপর পাশে চলছে পঞ্চম শ্রেণীর ‘ক’ সেকশনের পাঠদান। বারান্দায় বসানো হয়েছে চারটি বেঞ্চ। সেসব বেঞ্চে গাদাগাদি করে বসে আছে ১২ জন শিক্ষার্থী। শ্রেণীশিক্ষক আঞ্জুমান আরা বেগম জানান, বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় হলেও সুযোগ-সুবিধার দিক থেকে এখনো মডেল হিসেবে গড়ে ওঠেনি। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে মনোযোগ দিতে পারছে না। পঞ্চম শ্রেণীর ‘ক’ সেকশনের ছাত্র সাইফুল ইসলাম জানায়, গাড়ির শব্দে অনেক সময় কানে তালা লেগে যায়। বৃষ্টি শুরু হলে বারান্দায় আর ক্লাস করার উপায় থাকে না। প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় জানান, ১৯৩২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৩ সালে এটি জাতীয়করণ করা হয়। ১৯৯৮ সালে এটি সদর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। বর্তমানে প্রাক-প্রাথমিকসহ ছয়টি শ্রেণীতে ৩৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। এখানে শিক্ষকের ১০টি পদ থাকলেও পাঠদান করছেন আটজন শিক্ষক।প্রফুল্ল চন্দ্র রায় আরও জানান, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ১০টি শ্রেণীকক্ষ দরকার। কিন্তু আছে আটটি। এ কারণে বারান্দায় পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ বলেন, বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় হলেও শ্রেণীকক্ষ ও শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম জানান, মডেল স্কুলের মান ধরে রাখতে স্কুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।