মডেল বিদ্যালয়ের এ অবস্থা!
বিদ্যালয়ের সামনে খানিকটা খোলা জায়গায় চারদিকে গোলাকার আকৃতি করে তৈরি করা হয়েছে শিশুদের বেষ্টনী। সেখানে বসে শিশুদের মধ্যে কেউ কেউ পলিথিন বা জুতার ওপর আবার কেউ মাটিতে বসে ক্লাস করছে। কিন্তু বৃষ্টি শুরু হলেই তাদের চলে যেতে হয় বারান্দায়। আর সেখানেই গাদাগাদি করে দাঁড়িয়ে ক্লাস করতে হয়।চিত্রটি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভবনের সমস্যায় দীর্ঘদিন ধরে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, এটি উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ৫৯৫ জন শিক্ষার্থী ও আটজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টির দুটি আধা পাকা টিনশেড ভবন রয়েছে। এই ভবন দুটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে টিনের ফুটো দিয়ে সব কটি কক্ষের ভেতরে টুপ টুপ করে পানি পড়ে। এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই এই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।শিক্ষার্থী আলমগীর হোসেন, মার্জিয়া আরেফীন, সীমন্তী বসাকসহ আরও অনেক শিক্ষার্থী জানায়, বৃষ্টি শুরু হলে তাদের গাদাগাদি করে শ্রেণীকক্ষে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় পাঠদান বন্ধ থাকে।প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীর বলেন, ‘গত বছর বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্থান অর্জন করে। বর্তমানে ভবনজনিত সমস্যায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ মণ্ডল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম চৌধুরী বলেন, এই বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে একটি প্রস্তাব মাস দুয়েক আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।