মডেল রাহার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল সুমাইয়া আজগার রাহার গলিত লাশ গতকাল বৃহস্পতিবার কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা বলেছেন, ফাঁসি বা বিষক্রিয়ায় রাহার মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তে তার সবকিছুই খতিয়ে দেখা হবে। আদালতের নির্দেশে গতকাল বেলা দেড়টার দিকে আজিমপুর গোরস্থানের কবর থেকে তাঁর লাশ তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পাঁচজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। স্বজনদের মধ্যে ছিলেন রাহার বাবা আলী আজগার, চাচা জামাল উদ্দিন ও খালাতো ভাই আবদুর রশীদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু উপস্থিত সাংবাদিকদের বলেন, লাশ গলে গেছে। তাই রাহার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না। এ জন্য ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা বলেছেন, রাহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন না বিষক্রিয়ায় মারা গেছেন, সবকিছুই খতিয়ে দেখা হবে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার রাহার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর। পুলিশের ওই আবেদনে বলা হয়, রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে লাশ দাফন করেন। লাশ তোলার আগে মেয়ের কবরের ওপর আছড়ে পড়ে কাঁদছিলেন রাহার বাবা আলী আজগার। বারবার চিৎকার করে বলছিলেন, ‘আমার মাকে দেখব।’ গত রোববার রাতে রাহার বাবা মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ২০০৭ সালের লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন মডেল রাহা।