মডেল স্কুলে বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষসংকটের কারণে জয়পুরহাটের ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে শিশুশ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান বারান্দায় করা হচ্ছে। ক্ষেতলাল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার পরও এ সমস্যার সমাধানে আজও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি।বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরীয়া চৌধুরী বলেন, পাসের হার ও বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে উপজেলার সেরা বিদ্যালয় হওয়ার পরও কক্ষসংকটের কারণে ছোট ছোট শিশুরা বারান্দায় বসে ক্লাস করে। এটা দুঃখজনক।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের আগ পর্যন্ত এখানে একটি ভবন এবং আরেকটি টিনশেড ভবনে আটটি শ্রেণীকক্ষ ছিল। ওই সময়ে বিদ্যালয়ের তিনটি কক্ষ ভেঙে উপজেলা রিসোর্স ট্রেনিংয়ের ভবন নির্মাণ করা হয়। এ কারণে সে সময় থেকে কক্ষসংকট শুরু হয়।প্রধান শিক্ষক আহমেদ আলী খাঁ বলেন, পাকা ভবনের চারটি কক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস হয় এবং অন্যটিতে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা বসেন। একটি টিনশেড ভবনের ছোট কক্ষে প্রথম শ্রেণীর ৬৫-৭০ জন ছাত্রছাত্রী গাদাগাদি করে বসে। টিনশেড ভবনের চালের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং ফুটো হয়ে গেছে। এ কারণে বৃষ্টি হলেই ওই সব স্থান দিয়ে শ্রেণীকক্ষে পানি পড়ে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান বলেন, ‘ওই বিদ্যালয়ের কক্ষসংকটের বিষয়ে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লেখা হয়েছে। অচিরেই একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।’