মডেল স্কুলের পাঠদান এবার টিনের চালের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছতলা ও খোলা আকাশের নিচ থেকে চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবার ঠাঁই হয়েছে টিনের চালের নিচে। জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পর থেকে গাছতলা ও খোলা আকাশের নিচে পাঠদান চলে।
এ নিয়ে ১৪ জানুয়ারি প্রথম আলোয় ‘মডেল স্কুলের পাঠদান গাছতলায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক জানান, খবর প্রকাশিত হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের সচ্ছল অভিভাবকেরা সহায়তার জন্য এগিয়ে আসেন। তাঁদের ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আর্থিক সহায়তায় বাঁশের খুঁটি ও চাটাইয়ের বেড়ার ওপর ঢেউটিনের ছাউনির ছয়টি কক্ষ তৈরি করা হয়েছে। এ ছাড়া এমন আরও তিনটি কক্ষ তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসকের কাছ থেকেও দু-এক দিনের মধ্যে এক লাখ টাকা অনুদান পাওয়া যাবে। ১৯৬৮ সালে জেলা শহরের স্কুল-ক্লাব সড়কের পাশে বিদ্যালয়ের জন্য দ্বিতল ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনের নিচতলার কলাম, বিম ও ছাদে ফাটল দেখা দেয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা বিদ্যালয় ভবন একাধিকবার পরিদর্শন করেন এবং গত ৪ নভেম্বর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরদার জানান, স্থায়ী ভবন নির্মাণের জন্য কাছে আবেদন করা হয়েছে।