ঝুঁকিপূর্ণ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এ বিদ্যালয়ের পাঠদান চলছে গাছতলা ও খোলা আকাশের নিচে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে জেলা শহরের স্কুল-ক্লাব সড়কের পাশে বিদ্যালয়ের জন্য একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এতে নয়টি কক্ষ আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনের নিচতলার কলাম, বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে। কক্ষের দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা বিদ্যালয় ভবন একাধিকবার পরিদর্শন করেন। ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁরা গত বছরের ৪ নভেম্বর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে শ্রেণীকক্ষগুলো সিলগালা করে দেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী আবদুল বারী পরিদর্শনের পর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ভবনে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করা হলো।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের সামনের এক পাশে আমগাছতলার নিচে বেঞ্চ পেতে পাঠদান করা হচ্ছে। আরেক পাশে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ধুলাবালু উড়ে এসে নাক-মুখে যাওয়ায় এবং রোদ পড়ায় বাইরে বসে ক্লাস করতে তাদের সমস্যা হয়। সহকারী শিক্ষক পারভীন আক্তার জানান, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে না পারায় পড়া বোঝাতেও সমস্যা হয়।
প্রধান শিক্ষক মারুফুল ইসলাম জানান, নভেম্বরের পর থেকে বিদ্যালয়ের ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা ৭৫০ জন ও শিক্ষক ১২ জন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সদর উপজেলা শিক্ষা কমিটির সভায়ও ভবনটির সামনের ফাঁকা স্থানে অস্থায়ীভাবে টিনের ঘর তৈরি করে পাঠদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে টাকার অভাবে এখনো সে ব্যবস্থা করা যায়নি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক জানান, অস্থায়ী টিনের ঘর তৈরির জন্য টাকা প্রয়োজন। জেলা প্রশাসকের কাছ থেকে এক লাখ টাকা অনুদান পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোনো সহায়তা না পাওয়ায় তা তৈরি করা যাচ্ছে না। স্থায়ী ভবনের জন্য বরাদ্দ কবে নাগাদ পাওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরদার জানান, অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা হবে। এ ছাড়া বিদ্যালয়টির স্থায়ী ভবন নির্মাণের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।