মডেল হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় প্রসূতিসেবা কার্যক্রমের মডেল যশোরের চৌগাছা উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
প্রসূতিসেবা কার্যক্রমে অগ্রগতির জন্য এ হাসপাতাল টানা নয়বার দেশের জাতীয় পুরস্কার অর্জন করেছে। ২০০৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালটিকে প্রসূতিসেবায় দেশের মডেল হিসেবে ঘোষণা করা হয়।
জরুরি ভিত্তিতে এ হাসপাতালে অবেদনবিদ পদায়ন করার জন্য ৮ ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘এ হাসপাতালের অবেদনবিদকে অন্যত্র বদলি করার কারণে সিজারিয়ান অপারেশন (প্রসূতি মায়ের অস্ত্রোপচার) কার্যক্রম বন্ধ রয়েছে। অবিলম্বে অবেদনবিদ পদায়ন করা না হলে হাসপাতালের ইওসি (জরুরি প্রসূতিসেবা কর্মসূচি) কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।’
হাসপাতালের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে ৩৩০ প্রসূতি মায়ের অস্ত্রোপচারের মাধ্যমে ও ৬৫৬ মায়ের স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানো হয়েছে। সে হিসাবে এ হাসপাতালে গড়ে প্রতিদিন সাতজন মা সন্তান প্রসব করেন।
৩ ডিসেম্বর হাসপাতালের ইওসি কর্মসূচির অবেদনবিদ শেখ আবু শাহিনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। সেই থেকে হাসপাতালের অবেদনবিদ নেই।