মণি ও মুক্তা কাল বাড়ি ফিরবে
সাংবাদিকদের ছবি তোলার পর্ব শেষে মণিকে কোলে নিয়ে ওয়ার্ডে ফিরছিলেন মণি ও মুক্তার মা কৃষ্ণা পাল। তাঁর মুখে তৃপ্তির হাসি। তিনি বললেন, ‘আশীর্বাদ করে দিন, যেন বড় হয়ে ওরা বড় ডাক্তার হতে পারে।’গতকাল বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মণি ও মুক্তা সম্পূর্ণ সুস্থ। ওরা কাল শনিবার বাড়ি ফিরবে।৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে ছয় মাস বয়সী জোড়া লাগানো এ যমজ শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। হাসপাতালের পরিচালক এ আর খান এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন। তাদের বুকের হাড়, চামড়া ও যকৃত্ (লিভার) একসঙ্গে লাগানো ছিল। অস্ত্রোপচারে সময় লাগে দুই ঘণ্টা ২০ মিনিট। সম্পূর্ণ বিনা খরচে এই অস্ত্রোপচার করে হাসপাতাল কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে এ আর খান বলেন, ‘অস্ত্রোপচারের চতুর্থ দিন মুখে খাবার দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে শিরায় স্যালাইন দেওয়াও বন্ধ করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের স্থানে সেলাই কাটা হয়েছে। তারা স্বাভাবিক জীবন যাপন করবে। আশা করছি, ভবিষ্যতেও ওদের কোনো সমস্যা হবে না।’এ আর খান বলেন, জোড়া লাগানো যমজসহ শিশুর জন্মগত বিভিন্ন ত্রুটির ব্যাপারে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে। কুসংস্কারে বিশ্বাস করা ঠিক নয়। দেশেই এখন শিশুদের জটিল অস্ত্রোপচার সম্ভব। মণি ও মুক্তার অস্ত্রোপচারে এগিয়ে আসার জন্য তিনি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শাফি কামালের প্রতি কৃতজ্ঞতা জানান।মণি ও মুক্তার দাদু (নানা) দেবেন্দ্রনাথ পাল প্রথম আলোকে বলেন, ‘চিকিত্সকেরা আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটি দিয়েছেন। আমি অনেক খুশি। এখন ওরা পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যাবে।’গত বছরের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে জোড়া লাগানো যমজ মণি-মুক্তার জন্ম হয়। তাদের বাড়ি জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে। গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘শিশু মণি-মুক্তাকে আলাদা করা যাবে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঢাকা শিশু হাসপাতালের পরিচালক এ আর খান নিজ উদ্যোগে মণি-মুক্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।