মণি ও মুক্তা ভালো আছে
মণি ও মুক্তা ভালো আছে। তাদের নাড়ির স্পন্দন স্বাভাবিক। চিকিত্সকেরা বলছেন, বড় ধরনের কোনো জটিলতার আশঙ্কা নেই।মণি ও মুক্তা এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে। ঢাকা শিশু হাসপাতালে পরিচালক এ আর খান প্রথম আলোকে বলেন, সংক্রমণ এড়াতে যমজ দুই বোনকে ৪৮ ঘণ্টা পরও আইসিইউতে রাখা হবে।গত সোমবার ঢাকা শিশু হাসপাতালের চিকিত্সকেরা ছয় মাস বয়সী জোড়া যমজকে অস্ত্রোপচার করে আলাদা করেন। এদের বুকের হাড়, চামড়া, যকৃত্ (লিভার) একসঙ্গে লাগানো ছিল। এ আর খান এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন। এ আর খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মণি ও মুক্তার নাড়ির স্পন্দন স্বাভাবিক। তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক। প্রস্রাবও স্বাভাবিক। তিনি জানান, মুখে এখনো খাবার দেওয়া হয়নি। আগামী পাঁচ থেকে সাত দিন শিরায় দেওয়া স্যালাইন চলবে। এ আর খান আরও বলেন, ‘ওদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আমরা আশাবাদী। বড় ধরনের কোনো জটিলতার আশঙ্কা করছি না আমরা। ওদের ব্যাপারে আমরা বেশ সতর্ক।’ মণি ও মুক্তার বাবা জয় প্রকাশ পাল প্রথম আলোকে বলেন, ওদের দেখে মনে হচ্ছে, ওরা সুস্থই আছে। ওদের সুস্থতার জন্য অনেকে প্রার্থনা করেছেন। এটা জেনে আমার খুব ভালো লাগছে।’জোড়া যমজ জন্ম দেওয়ার পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন মণি ও মুক্তার মা তৃষ্ণা পাল। এদের আগলে রেখেছেন তৃষ্ণার বাবা দেবেন্দ্রনাথ পাল। দেবেন্দ্র প্রথম আলোকে বলেন, গণমাধ্যমের কল্যাণে সবাই মণি ও মুক্তা সম্পর্কে জানতে পারছে। ওরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, সে জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।