মণি-মুক্তার সপ্তম জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ওদের পিঠের সঙ্গে পিঠ জোড়া নিয়ে। সেই শিশু দুটি এখন স্কুলে যায়। গতকাল সোমবার নানাবাড়িতে ঘটা করে জন্মদিনও পালন করা হয়েছে ওদের।

বলা হচ্ছে মণি-মুক্তার কথা। দিনাজপুরের সেই মণি-মুক্তা, ২০১০ সালে অস্ত্রোপচারের মাধ্যমে যাদের আলাদা করা হয়। তখন সারা দেশে আলোচনায় এসেছিল এ ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিতে শিশুদুটির মা কৃষ্ণা রানী পাল ও বাবা জয়প্রকাশ পাল গত রোববার এসেছিলেন প্রথম আলোর দিনাজপুর কার্যালয়ে। তাঁরা বলেন, ২০০৯ সালে ২২ আগস্ট পিঠ জোড়া লাগানো অবস্থায় মণি-মুক্তার জন্ম হয়। ২০১০ সালের জানুয়ারি মাসে জোড়া শিশুদুটিকে নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর ঢাকার শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এগিয়ে আসেন। শিশু হাসপাতালে ৮ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তাকে পৃথক করা হয়। কোনো ক্লাসে পড়ো, জানতে চাইলে মণি বলে, ওরা দুবোনই বীরগঞ্জ শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ি।’

মুঠোফোনে কথা হয় বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এম আর খানের সঙ্গে। তিনি বলেন, ‘মণি-মুক্তা আমাদের দেশের জন্য একটা উদাহরণ। চিকিৎসকদের জন্য বিরাট সাফল্য।’