মণি সিংহ মেলায় হামলার নিন্দা
কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী সামনে রেখে নেত্রকোনায় আয়োজিত মণি সিংহ মেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, মণি সিংহ মেলায় হামলা চালিয়ে দেশের প্রগতিশীল সংগ্রাম বন্ধ করা যাবে না। মণি মেলায় হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে সিপিবির নেতারা এ কথা বলেন।বক্তারা বলেন, কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী সামনে রেখে প্রতিবছর নেত্রকোনার দুর্গাপুরে সাত দিনব্যাপী মণি সিংহ মেলার আয়োজন করা হয়। এ বছর আয়োজিত মেলার পঞ্চম দিনে গত বুধবার সাবেক সাংসদ জালাল তালুকদার ও তাঁর সহযোগীরা ভাঙচুর ও গুলিবর্ষণ করেন।সিপিবির নেতারা বলেন, এক সময় পাকিস্তানি স্বৈরশাসকেরা মণি সিংহের বাড়িতে লাঙল দিয়ে চাষ করে দেশ থেকে কমিউনিস্টদের উচ্ছেদ করতে চেয়েছিল। এখন যারা মণি মেলায় হামলা চালাচ্ছে, তারা ওই স্বৈরশাসকদের প্রেতাত্মা। তারা আর যাই হোক দেশের মানুষের প্রকৃত বন্ধু হতে পারে না।নেতারা মেলায় ভাঙচুর ও গুলিবর্ষণকারী জালাল তালুকদার ও তাঁর সহযোগীদের প্রেপ্তার ও বিচার দাবি করেন।সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতা আশরাফ হোসেন, শহিদুল্লাহ চৌধুরী, রুহিন হোসেন, শামসুজ্জামান, আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।উদীচীর নিন্দা: নেত্রকোনায় মণি সিংহ মেলায় ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেন, এ হামলার মাধ্যমে শুধু মণি সিংহ মেলায় নয়, দেশের জাতীয় ঐহিত্য ও চেতনার ওপর আঘাত করা হয়েছে। বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।