মণি সিংহের জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভাগা আন্দোলন, নানকার বিদ্রোহ, হাজং বিদ্রোহসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড মণি সিংহের ১১৬তম জন্মবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। তাঁর জন্মদিন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিকেলে জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সমাজতান্ত্রিক দল—বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, খেলাঘর জেলার সভাপতি রথীন চক্রবর্তীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আলোচনায় নেতারা বলেন, মণি সিংহ ছাত্রজীবনেই ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। কৃষকদের ঐতিহাসিক তেভাগা আন্দোলন, হাজং বিদ্রোহ, নানকার বিদ্রোহসহ কৃষকদের বড় বড় আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ভারতবর্ষ, পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনে তিনি ছিলেন কিংবদন্তি। শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত আদর্শগতভাবে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।