মণি সিংহের মতো নেতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণি সিংহ ছিলেন আদর্শবাদী, বিপ্লবী ও ত্যাগী নেতা। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তাঁর মতো নেতার বড় প্রয়োজন।
ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তাঁর সম্পর্কে এ কথা বলা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এ স্মরণসভা আয়োজন করে ‘কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি’। এতে সভাপতিত্ব করেন মণি সিংহের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে মণি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মনজুরুল আহসান খান বলেন, কমিউনিস্ট আন্দোলনে মণি সিংহ ছিলেন প্রবাদপুরুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় বলেন, রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগই ছিল তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক।
সভায় স্বাগত বক্তব্য দেন উদ্যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক এম এম আকাশ। সভায় বক্তব্য দেন নারী নেত্রী ফওজিয়া মোসলেম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, মণি সিংহের পুত্রবধূ সাকী খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
গতকাল সকাল সাতটায় শ্যামপুর শ্মশানে মণি সিংহের স্মৃতিফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিপিবি।