মণিকৃষ্ণ সেনের বাড়ি তেভাগা জাদুঘর ঘোষণা করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতজন সাংসদ ব্রিটিশবিরোধী ও তেভাগা আন্দোলনের নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মণিকৃষ্ণ সেনের ‘শিবকৃষ্ণ ভবন’ নামের বাড়িটি দখলের অপচেষ্টা বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁরা ওই বাড়িটিকে তেভাগা জাদুঘর ঘোষণারও দাবি করেছেন।গত বুধবার এক বিবৃতিতে সাংসদেরা বলেন, রংপুর শহরের ঐতিহাসিক এই বাড়িটি ব্রিটিশবিরোধী, তেভাগা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। উপমহাদেশের অনেক প্রখ্যাত নেতা এই বাড়িতে বৈঠক করেছেন। বাড়িটি মণিকৃষ্ণের মায়ের নামে প্রতিষ্ঠিত প্রমোদা সুন্দরী কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে আছে। বিবৃতিতে বলা হয়, বিক্রি করা যাবে না—এমন শর্তে মণিকৃষ্ণ বাড়িটি ট্রাস্টের নামে উইল করেন। তবে ‘গ্রামীণ সমাজকেন্দ্র’ নামে একটি বেসরকারি সংস্থা উইলের শর্ত লঙ্ঘন করে বাড়িটি বন্ধক রেখে অগ্রণী ব্যাংকের তেজগাঁও শিল্প এলাকা শাখা থেকে ঋণ নেয়। সংস্থাটি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক বাড়িটি নিলামের মাধ্যমে বিক্রি করে।গত বছর ৯ আগস্ট রংপুর জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংকের সহযোগিতায় ক্রেতারা বাড়িটির দখল নিতে আসেন। তাঁদের সঙ্গে আসা লোকজন ওই বাড়ির ভাড়াটেদের জিনিসপত্র এবং ভবন প্রাঙ্গণে থাকা শত বছরের মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। রংপুরের সর্বস্তরের মানুষ তখন ওই বাড়িটি দখলের অপচেষ্টা প্রতিহত করেন। বিবৃতিদাতারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতিবিজড়িত বাড়িটি রক্ষা ও তেভাগা জাদুঘর ঘোষণা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে সই করেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান নূর, ফজলে হোসেন বাদশা, টিপু মুন্সি, রুবি রহমান ও আমিনা আহমেদ।