মণিপুর থিয়েটারের নাটকে মুগ্ধ কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের মৈত্রীবন্ধন দৃঢ় করার প্রত্যয় নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন গত শনিবার কলকাতায় মৈত্রীবন্ধন উৎসবের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়েছে। দুই দেশের সাহিত্য ও নাটক নিয়ে এবারের উৎসব। প্রথম আলো ও ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া দ্বিতীয় পর্যায়ের এই উৎসবের আয়োজন করেছে। প্রথম পর্যায়ে ছিল সাংস্কৃতিক উৎসব। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের অনুষ্ঠান দক্ষিণ কলকাতার বিড়লা সভাঘরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়। বাংলা ১৪১৯ সনকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন টাইমস অব ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক ঝিমলি মুখার্জি পান্ডে। তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, এই উৎসব আমাদের দুই দেশের কাছে মৈত্রীবন্ধনের এক নতুন বারতা দেবে।’ উৎসবের প্রথম পর্বে বাংলাদেশের মণিপুর থিয়েটারের কাব্যনাটক কহে বীরাঙ্গনা পরিবেশিত হয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে রচনা করা হয়েছে কহে বীরাঙ্গনা কাব্যনাটক। নাটকটির নির্দেশায় ছিলেন শুভাশিস সিনহা। এই কাব্যনাটকে দ্রৌপদী শকুন্তলা, দুঃশলা ও জনার ভূমিকায় অভিনয় করেন জ্যোতি সিনহা। ভাব-মুদ্রা রূপায়ণে অংশ নেন স্মৃতি সিনহা, শুক্লা সিনহা, ভাগ্যলক্ষ্মী সিনহা, সুনন্দা সিনহা ও বীথি সিনহা।নাটক শুরুর আগে নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘নাটকই পারে আমাদের বন্ধুপ্রতিম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে।’ কলকাতার নাট্যগোষ্ঠী স্বপ্নসন্ধানীর পরিচালক কৌশিক সেন বলেন, ‘আমাদের দুই দেশের মৈত্রীবন্ধনে নাটকের ভূমিকার জুড়ি নেই।’ বাংলাদেশের কাব্যনাটক কহে বীরাঙ্গনা দেখে মুগ্ধ কলকাতাবাসী। নাটক চলাকালে দর্শক বারবার হাততালি দিয়ে অভিনন্দন জানায় বাংলাদেশের কলাকুশলীদের।বাংলাদেশের কাব্যনাটক কহে বীরাঙ্গনার পর পরিবেশিত হয় কলকাতার স্বপ্নসন্ধানীর নাটক সমুদ্রের মৌন। পরিচালনা করেন কৌশিক সেন। অভিনয় করেন কুনাল পাথি, রেশমী সেন ও কৌশিক সেন।আজ সোমবার দুই বাংলার সাহিত্য নিয়ে বসবে আসর। যোগ দেবেন বাংলাদেশের দুই লেখক সৈয়দ মনজুরুল ইসলাম ও আনিসুল হক। আর ভারতের পক্ষে থাকবেন দিল্লির সাহিত্যিক নমিতা গোখলে। এখানে মৈত্রীবন্ধনে দুই দেশের সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা হবে। আবৃত্তি হবে। অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে সন্ধ্যা সাতটায়।