মণিপুরি নেত্রীর জায়গা দখলের চেষ্টার প্রতিবাদ
‘অসাম্প্রদায়িক চেতনা আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকায় আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতাসীন হয়েছে। যাঁরা সরকার পরিচালনা করছেন, আমাদের বিশ্বাস, এ চেতনা থেকে তাঁরা বিচ্যুৎ হবেন না। কিন্তু ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতাদের দখল-তৎপরতা সরকারের ভাবমূর্তি শুধুই নষ্ট করছে না, চেতনাকেও ভূলুণ্ঠিত করছে। এই আগ্রাসী দখল-তৎপরতা বন্ধে সরকারকেই এগিয়ে আসতে হবে।’ সিলেটে যুবলীগের এক নেতার নেতৃত্বে বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবীর বাড়িতে জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। গতকাল বুধবার সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়। সিলেট নগরে বসবাসরত মণিপুরি সমপ্রদায়ের বিভিন্ন সংগঠনসহ আদিবাসী সংগঠনগুলোর নেতারা মানববন্ধনে একাত্ম হন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে রীনা দেবীসহ বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের সভাপতি গৌরাঙ্গ পাত্র, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দানেশ সিংহ, বাংলাদেশ মণিপুরি যুব সমিতির ধীরেন সিংহ, ছাত্র সমিতির বউঙ সানা বক্তব্য দেন। সিলেট নগরের শিবগঞ্জ এলাকার আদিত্যপাড়ায় গত রোববার বিকেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের নেতৃত্বে একদল লোক জায়গা দখলের চেষ্টা করে। এ সময় দখলকারীদের হামলায় রীনা দেবীর ছেলে ও মেয়েসহ চারজন আহত হন। এ ঘটনায় গত মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করে মামলা হয়েছে।