মণিপুরি ভাষাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা ও মণিপুরি ভাষা দুই সহোদরা ভগ্নির মতো। বাংলা ভাষার ছোট বোন মণিপুরি ভাষা। বড় বোন হিসেবে আমরা বাংলাভাষীদের দায়িত্ব আমাদের এই ছোট বোনটিকে পরিচর্যায় বাঁচিয়ে রাখা, বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। মণিপুরি ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে সরকার এখনো কেন স্বীকৃতি দেয়নি, এটা আমাদের বোধগম্য নয়। তবে অতি দ্রুত তা দেওয়া উচিত।’

এ মতামত সিলেটে মণিপুরি ভাষা গবেষকদের। বাংলা ভাষার ছোট বোনতুল্য মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় এভাবেই। গত শুক্রবার সন্ধ্যার পর সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার আয়োজনে মণিপুরি ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়।

প্রতিবছর ২০ আগস্ট মণিপুরি ভাষা দিবস উদ্‌যাপন করা হয়। গত শুক্রবার রাতে ভাষা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংস্থার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক কবি এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন সৈয়দ ময়ীজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি ইকরামুল কবির বক্তব্য দেন।