মণিপুরি ভাষার পাঠাগার
মেঠোপথের পাশে দুই কক্ষের একটি পাকা ভবন। এটির দেয়ালে বড় অক্ষরে মণিপুরি ভাষায় লেখা, ‘মীতৈ লাইরিক পুক্কৈ’। বাংলায় যার অর্থ, ‘মণিপুরি গণপাঠাগার’। মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামে স্থানীয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরি সম্প্রদায়ের লোকজন পাঠাগারটি স্থাপন করেছেন।পাঠাগার কর্তৃপক্ষ জানায়, গ্রামে মণিপুরি সম্প্রদায়ের প্রায় দেড় হাজার মানুষের জন্য গত বছরের মার্চে যাত্রা শুরু করে পাঠাগারটি। সেখানে মণিপুরি ভাষায় রচিত বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক বই রয়েছে। সপ্তাহে চার দিন বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে। চলতি বছরের ২৩ মার্চ এক বছর পূর্তি উপলক্ষে এক খুদে শিক্ষার্থীকে হাতেখড়ির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘মণিপুরি মাতৃভাষা শিক্ষাকেন্দ্র’ চালু করা হয়। আদিবাসী বিভিন্ন বয়সী লোকজনকে এখানে মণিপুরি বর্ণমালা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্তি অনুষ্ঠানে গণপাঠাগার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্থানীয় অক্ষয় সিংহের আর্থিক সহযোগিতায় ২০১১-১২ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মণিপুরি জনগোষ্ঠীর ১১ জন শিক্ষার্থীকে ‘এল বীরচন্দ্র পণ্ডিত স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সরেজমিনে গত রোববার বিকেলে দেখা গেছে, পাঠাগারের ভেতরের একটি কক্ষে সুনসান নীরবতা। বড় গোলটেবিলের চারপাশে চেয়ারে বসে বিভিন্ন বয়সী লোকজন বই ও পত্রপত্রিকা পড়ছেন। এ সময় কথা হয় ছোট ধামাই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী লৈনৌ দেবীর সঙ্গে। সে বলে, ‘আমি মণিপুরি বর্ণমালা চিনি। পাঠাগারে আমাদের মাতৃভাষায় লেখা অনেক বই আছে। এগুলো পড়তে খুব ভালো লাগে।’পাঠাগারের সম্পাদক ও স্কুলশিক্ষক রণজিৎ সিংহ প্রথম আলোকে বলেন, নিজেদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে দিতে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে।