মণিপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি ভাষার নিজস্ব লিপি আছে। মণিপুরি লিপি ও ভাষা শিক্ষার জন্য বেশ কয়েকটি মণিপুরি স্কুল স্থাপিত হয়েছে। তার পরও সংখ্যার স্বল্পতা, সরকারি ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাবে এই ভাষা ক্রমশ হারিয়ে যেতে পারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে মণিপুরি ভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন। ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কায় মণিপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মণিপুরি ভাষাকে সরকারি পাঠ্যক্রমের আওতাভুক্ত করার দাবিও উত্থাপন করেন বক্তারা। মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আলী মোস্তাফা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজির বিভাগীয় প্রধান প্রমোদ রঞ্জন সিংহ। আলোচনা সভার শুরুতেই মণিপুরি ভাষার ইতিহাস তুলে ধরে বলা হয়, মণিপুরি ভাষার প্রাচীনতা ও ঋদ্ধতার আলোকে ১৯৯২ সালের ২০ আগস্ট মণিপুরি ভাষাকে ভারতের অন্যতম জাতীয় ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে মণিপুরি ভাষাভাষী জনগোষ্ঠী ২০ আগস্টকে ‘মণিপুরি ভাষা দিবস’ হিসেবে উদযাপন করে আসছে। আলোচনা পর্ব শেষে কানাডা-প্রবাসী মণিপুরিদের সংগঠন ‘ম্যাক’-এর পক্ষ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একজন মণিপুরি ছাত্রকে ‘ম্যাক একাডেমিক এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এবার এই অ্যাওয়ার্ড পেয়েছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া রনজিনী সিনহা।এ ছাড়া গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অপর ১৩ জন শিক্ষার্থীকে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।শেষে মণিপুরি নৃত্যানুষ্ঠানে নৃত্যু পরিবেশন করে ‘একাডেমি ফর মণিপুরি আর্ট অ্যান্ড কালচার’ (এমকা)-এর শিল্পীরা।