মণিপুরি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি
বিজয় দিবসের ৪০তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধে শহীদ গিরিন্দ্র সিংহ, শহীদ সার্বভৌম শর্ম্মা, শহীদ ভুবেন সিংহসহ অন্য মণিপুরি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়েছে মণিপুরি সমাজকল্যাণ সমিতি।বিজয় দিবসের প্রথম প্রহরে গত বৃহস্পতিবার সিলেট নগরের জিন্দাবাজারে সংগঠনের কার্যনির্বাহী পরিষেদের সভায় সমিতির নেতারা এ দাবি জানান।সংগঠনের সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন: সংগঠনের সহসভাপতি ইউ কে সিংহ, স্বপন কুমার সিংহ, সহসাধারণ সম্পাদক লিপু সিংহ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল সিংহ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার সিংহ, সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার সিংহ ও পাঠাগার সম্পাদক প্রসন্ন কুমার সিংহ। সভা সঞ্চালন করেন সমিতির সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোনো গোষ্ঠীবিশেষের অর্জন নয়, এ আহ্বান জানিয়ে মণিপুরি সমাজকল্যাণ সমিতির নেতারা মণিপুরি শহীদ ও মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে তালিকাভুক্ত করার দাবি জানান।আলোচনা সভায় বিজয় দিবসের ৪০তম বার্ষিকীতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ছাড়াও মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টার পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।