মণিপুরিদের বিষু ও চৈরাউব কুম্মৈ উৎসব
কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে বিষু ও নববর্ষ উৎসব উপলক্ষে মণিপুরি থিয়েটারের উদ্যোগে চার দিনব্যাপী নাট্যমেলা ও মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘চৈরাউব কুম্মৈ’ উৎসব শুরু হচ্ছে।মণিপুরিদের বর্ষবিদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব ও নববর্ষকে কেন্দ্র করে মণিপুরি থিয়েটার নাটমণ্ডপে আয়োজন করেছে চার দিনব্যাপী নাট্যোৎসব। ‘জীবন-মরণ-নাচের ডমরু বাজাও’ রবীন্দ্রনাথের এই বাণী সামনে রেখে আয়োজিত উৎসবে মণিপুরি থিয়েটারের পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় মাইকেল মধুসূদন দত্তের কাব্য অবলম্বনে জ্যোতি সিনহার একক অভিনয়ে আলোচিত নাটক কহে বীরাঙ্গনা, সন্ধ্যা সাড়ে সাতটায় বড়ু চণ্ডীদাসের কাব্য অবলম্বনে রাধা ও কৃষ্ণের লৌকিক প্রেমের আখ্যান শ্রীকৃষ্ণকীর্তন, দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা সাতটায় স্মৃতিকুমার সিংহের গল্প অবলম্বনে এক বিপন্ন রাজমিস্ত্রির বর্ণাঢ্য ও বেদনাময় জীবনের কাহিনি ধ্বজো মেস্তরীর মরণ, শনিবার সন্ধ্যায় শুভাশিস সিনহার রচনায় এক মণিপুরি বাদ্যশিল্পীর অস্তিত্বের টানাপোড়েনের প্রতীকী গল্প ইঙাল আধার পালা এবং রোববার রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে হাস্যরসাত্মক নাটক লক্ষ্মী গিথানক মঞ্চস্থ হবে। অপরদিকে মৈতৈ মণিপুরি সংস্কৃতির ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসাবে ৩৪১১তম বর্ষ শুরু হচ্ছে ১১ এপ্রিল বৃহস্পতিবার। অন্যান্য বছরের ধারাবাহিকতায় এই দিন মৈথৈ মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউব কুম্মৈ-৩৪১১’ উদ্যাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কোনাগাঁও গ্রামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।