রাজধানীর মণিপুরীপাড়ার একটি বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর মেয়ের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। তাঁকে ‘হত্যা’র অভিযোগ এনে গত রোববার রাতে ওই বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক শ নারী।পুলিশ জানায়, গত রোববার সকালে ২২/১ নম্বর বাসা থেকে ডলি বেগম (৫০) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বর্ণালংকার চুরির অভিযোগে ওই নারীকে বেঁধে রেখেছিলেন গৃহকর্ত্রী ফারজানা আলম (৩২)। এরপর রোববার রাতে সন্দেহভাজন হিসেবে (৫৪ ধারায়) ফারজানাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে মণিপুরীপাড়ার কয়েক শ গৃহকর্মী ওই বাসার সামনে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের দাবি, ডলি বেগমকে পিটিয়ে মেরেছেন ফারজানা আলম। তাঁরা ফারজানার শাস্তি দাবি করেন।ডলির মেয়ে লতা বেগমের অভিযোগ, সোনার চেইন চুরির অভিযোগে তাঁর মাকে বৃহস্পতিবার থেকে বাসায় আটক রেখে নির্যাতন করেন ফারজানা। এর ফলে তাঁর মায়ের মৃত্যু হয়। হত্যার দায় এড়াতে ফারজানা তাঁর লাশ ঝুলিয়ে রাখেন। লতার দাবি, তাঁর মা কোনো কিছু চুরি করেননি।লতা জানান, বৃহস্পতিবার ফারজানা তাঁকে (লতাকে) ফোন করে বলেন, ডলি দুটি সোনার চেইন চুরি করেছেন। এ কারণে তাঁকে বেঁধে রাখা হয়েছে। চেইনের দাম দিলেই তিনি ডলিকে ছেড়ে দেবেন বলে জানান।এরপর রোববার তেজগাঁও থানার পুলিশ ফোন করে লতাকে তাঁর মায়ের মৃত্যুর কথা জানায়। লতা ঢাকায় এসে তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে হত্যার অভিযোগ করেন পুলিশের কাছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, গত রোববার সকালে ডলি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাত নেই। পুলিশ এখন চিকিৎসকদের মতামতের অপেক্ষা করছে।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফরমান আলী জানান, লতার অভিযোগের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় মণিপুরীপাড়ার ২২/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে ফারজানাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ফারজানা পুলিশকে জানিয়েছেন, দুটি সোনার চেইন হারিয়ে যাওয়ায় শনিবার ডলিকে বাসার একটি কক্ষে বেঁধে রাখা হয়। ওই রাতেই ডলি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত ডলির গ্রামের বাড়ি বগুড়ার মহাস্থানগড় এলাকায়। পাঁচ-ছয় মাস আগে তিনি মণিপুরীপাড়া এলাকার বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ নেন।