মণ্ডপ-মন্দিরে হামলার বিচারিক তদন্তের আদেশ স্থগিত
দেশের ছয়টি জেলায় গত ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাঁদের সম্পত্তি ও উপাসনালয়ে সহিংস হামলার ঘটনায় বিচারিক তদন্ত করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে সেদিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
শারদীয় দুর্গাপূজার উৎসব চলাকালে ছয় জেলাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও তাঁদের বাড়িঘরে হামলার ঘটনা রোধে স্থানীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস হাইকোর্টে রিট করেন। এতে হামলার ঘটনাসংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৮ অক্টোবর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ছয়টি জেলা হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুর। সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল হাইকোর্টের আদেশে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ ২৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে সেদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছেন চেম্বার আদালত।