মণ্ডপে চলছে রং তুলির কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির কাজ শেষ। এবার দুর্গাপ্রতিমায় রং-তুলির আঁচড় দিচ্ছেন ঢাকার দোহার ও নবাবগঞ্জের মৃৎশিল্পীরা। এ বছর দোহার উপজেলায় ৩৪টি ও নবাবগঞ্জ উপজেলায় ১৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন শুরু হচ্ছে। ১১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসব সম্পন্ন হবে।
দোহার উপজেলার মেঘুলা গ্রামের প্রতিমাশিল্পী অনিল পাল বলেন, এবার তিনি দোহার-নবাবগঞ্জ উপজেলায় আটটি প্রতিমার কাজ করছেন। কাজ শেষ করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। এখন সহযোগীদের নিয়ে রং-তুলির কাজ করছেন। তিনি আরও বলেন, এ পেশায় সারা বছর কাজ হয় না। দুর্গাপূজার সময়েই বেশি কাজ হয়। দুর্গাপূজার প্রতিমা তৈরির আয়ের টাকায় সারা বছর সংসার চালাতে হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল বলেন, দোহারের মুকসেদপুর ও নয়াবাড়ির ইউনিয়নের কিছু মণ্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা দরকার।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উপজেলায় ৩৪টি মণ্ডপ হয়েছে। এসব মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য আইনশৃঙ্খলার বিষয়ে আগামী সোমবার পূজা উদ্যাপন কমিটির সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে।
নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার বলেন, আনন্দমুখর পরিবেশে মা দুর্গাকে বরণ করার সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। কোনো ধরনের ঝুঁকি এড়াতে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, মণ্ডপের নিরাপত্তায় মন্দির কমিটির সদস্য ছাড়াও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজর রাখবে।