মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর মহাউৎসব

অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দুধর্মাবলম্বী মানুষের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাঙালি কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম ঐতিহ্য।
আজ শুক্রবার পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে শুরু হলো শুভ সপ্তমী। সকালে রাজধানীর পূজামণ্ডপগুলোয় ঘুরে দেখা যায় মণ্ডপে মণ্ডপে চলছে মহাসপ্তমীর মহাউৎসব।
মহাসপ্তমীতে পূজার উপাদান হিসেবে সকালে দেবী দুর্গার চক্ষুদান, আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা দেওয়া হয়। দুপুরে মণ্ডপে মণ্ডপে চলে খিচুড়ি প্রসাদ বিতরণ। এ ছাড়া সপ্তমীর সন্ধ্যায় ভক্তিমূলক গান, রামায়ণপালা, আরতিসহ সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
কলাবাগান মাঠে শিশু-কিশোর, তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতা দেবীর পায়ে পুষ্প অর্পণ করেন দলে দলে আনন্দ ভিড়ে। ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির পুরোহিত ছিলেন উদয় চক্রবর্তী। রাজধানীর সবচেয়ে বড় দুর্গোৎসব হয় ঢাকার প্রাচীনতম ঢাকেশ্বরী মন্দিরে। সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানে চলে পূজার সব ধরনের আনুষ্ঠানিকতা।