মণ্ডপে মণ্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময়
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাটের কালাই উপজেলার প্রতিটি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ গতকাল শনিবার দলীয় প্রধানের এই শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে প্রতিটি মণ্ডপে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দলীয় সভানেত্রীর পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় আবু সাঈদ আল মাহমুদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে শেখ হাসিনা বদ্ধপরিকর। এ জন্য তিনি দুর্গাপূজার মতো শারদীয় উৎসব নির্বিঘ্নে পালনে সহযোগিতা করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের প্রতিও নির্দেশ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নৃপেন্দ্রনাথ মণ্ডল ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার।