মণ্ডপের র‌্যাফল ড্রর ব্যানার পোড়ানোয় এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর শহরের একটি পূজামণ্ডপের র‌্যাফল ড্রর ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামানকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী, মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মুন্সীবাজার মহল্লায় ব্যাচেলর ক্লাবের পূজামণ্ডপে র‌্যাফল ড্রর আয়োজন করে ওই ক্লাব। এ জন্য ১০ টাকা দামের কুপন বিক্রি করা হচ্ছিল। আজ রোববার বিজয়া দশমীর রাতে মন্দির-প্রাঙ্গণে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার রাত ১২টার দিকে এসআই বদরুজ্জামানের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য পূজামণ্ডপে গিয়ে র‌্যাফল ড্র বন্ধ করতে বলেন। এ সময় মণ্ডপের দেয়ালে টানানো দুর্গাপ্রতিমার ছবিসংবলিত র্যফল ড্রর একটি ব্যানার খুলে ফেলার নির্দেশ দেন এসআই। ব্যানারটি খুলে ফেলার পর তিনি সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে উপস্থিত হিন্দু ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং বদরুজ্জামানের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এ ঘটনার প্রতিবাদে মণ্ডপ কর্তৃপক্ষ সব আলোকসজ্জা নিভিয়ে দেয় এবং বাদ্যবাজনা বন্ধ করে দেয়।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন হায়দার এবং শেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা মণ্ডপে যান। এ সময় সালাউদ্দিন হায়দার এসআই বদরুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে উপস্থিত লোকজন শান্ত হয়।শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই বদরুজ্জামানকে ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ব্যাচেলর ক্লাবের উপদেষ্টা নন্দকুমার সাহা জানান, পূজামণ্ডপের উন্নয়নের স্বার্থে প্রায় এক দশক ধরে দুর্গাপূজার সময় র‌্যাফল ড্রর আয়োজন করা হয়। ওই পুলিশ কর্মকর্তা ব্যানারটি পুড়িয়ে ফেলায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।