মত-পথের পার্থক্য ভুলে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা
রোববার জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে মত-পথের পার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি আশা করেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করবে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। এটি চলতি বছরের প্রথম অধিবেশন। অধিবেশন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে ২০১৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দশম সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের ওপর দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হয়।

বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন যে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, তা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বর্তমান সরকার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব গতিশীলতা সঞ্চারণের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকান্তিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।’ সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাম্প্রতিক রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োচিত সিদ্ধান্তের কারণেই এ পর্যন্ত খাদ্যের অভাবে ও বিনা চিকিৎসায় কোনো মিয়ানমার নাগরিক মৃত্যুবরণ করেননি।’

প্রতিবারের মতো এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়েন রাষ্ট্রপতি। সংসদ কক্ষে রাষ্ট্রপতি ঢোকার পর নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয়। চলতি মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে সংসদে বছরের শুরুর অধিবেশনে শেষ ভাষণ দিলেন আবদুল হামিদ। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি তাঁর ১৫৭ পৃষ্ঠার বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের পরিকল্পনা ও উন্নয়ন, বিনিয়োগ শিল্প ও বাণিজ্য, কৃষি ও খাদ্য পরিস্থিতি, পরিবেশ ও জলবায়ু, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, খেলাধুলা ও যুব উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন।

শোক
সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তাঁর জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। পরে অধিবেশন মুলতবি হয়।
অধিবেশন শুরুর পর চলমান সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী ছায়েদুল হক ও গোলাম মোস্তফা আহমেদের জীবনের ওপর আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ সাংসদ আলোচনায় অংশ নেন।

ওই দুই সাংসদ ছাড়াও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার। পরে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।