যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী জয়েস অ্যান অ্যানলে বলেছেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে তাঁর দেশের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। সেখানে মত প্রকাশের স্বাধীনতার অধিকার এবং উন্মুক্ত বিতর্কের পরিবেশ অবশ্যই রক্ষা করতে হবে।
ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্যের লিখিত প্রশ্নের লিখিত জবাবে গত বুধবার প্রতিমন্ত্রী এই অবস্থান তুলে ধরেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার-সংক্রান্ত মামলার বিষয়ে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে লিপিবদ্ধ করা হয়েছে। শফিক রেহমানের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকদের সাক্ষাতের (কনস্যুলার এক্সেস) অনুরোধ জানানো হয়েছে।
পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে লেবার পার্টির এমপি হেলেনা অ্যান কেনেডি দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের কাছে প্রশ্ন দুটি করেন। প্রথম প্রশ্নে তিনি জানতে চান, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা পরিস্থিতির বিষয়ে যুক্তরাজ্য সরকারের মূল্যায়ন কী, বিশেষ করে যখন সাংবাদিক ও সম্পাদকদের ওপর ফৌজদারি মামলার হুমকি বিদ্যমান। এ বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের কাছে বিশেষ কোনো উদ্বেগ জানাবে কি না?
লিখিত জবাবে প্রতিমন্ত্রী অ্যানলে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে সক্রিয় সুশীল সমাজ এবং কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ও জবাবদিহি করতে পারে, এমন মুক্ত গণমাধ্যম গণতন্ত্র ও অর্থনৈতিকভাবে সফল সমাজের মূল ভিত্তি। সম্প্রতি বাংলাদেশে চরমপন্থীদের হাতে শিক্ষার্থী নাজিমউদ্দিন সামাদ খুনের ঘটনায় দেওয়া বিবৃতিতে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা জানানো হয়েছে। দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার অধিকার এবং উন্মুক্ত বিতর্কের পরিবেশ অবশ্যই রক্ষা করতে হবে।’
অপর প্রশ্নে এমপি হেলেনা জানতে চান, বাংলাদেশ আইন কমিশন মুক্তিযুদ্ধ-বিষয়ক অপরাধ (অস্বীকার, বিকৃতি, বিরোধিতা) আইনের যে প্রস্তাব করেছে, তা মত প্রকাশের স্বাধীনতায় কোনো প্রভাব ফেলবে কি না? এ বিষয়ে যুক্তরাজ্যের মূল্যায়ন কী?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। যুক্তরাজ্য গভীরভাবে এর গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করবে এবং উদ্বেগ তৈরি হলে সেটা প্রয়োজনে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবে।
এদিকে বাংলাদেশ বিষয়ে পৃথক একটি প্রশ্ন করেন ব্রিটিশ পার্লামেন্টের আরেক সদস্য ফ্র্যাঙ্ক অ্যাশক্রফট জাড। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে জানতে চান, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার এবং সাংবাদিকদের হয়রানির বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না? করে থাকলে তার ফলাফল কী?
একই দিন দেওয়া জবাবে প্রতিমন্ত্রী অ্যানলি বলেন, শফিক রেহমানের মামলার বিষয়ে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টি ঢাকায় দেশটির কূটনীতিকেরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক শাখার পরিচালকের দপ্তরে লিপিবদ্ধ করেছেন। শফিক রেহমানের কাছে কূটনীতিকদের প্রবেশাধিকার চেয়ে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ মামলার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মহাপরিচালকের কাছেও উত্থাপন করেছেন।
‘যুদ্ধাপরাধীদের বিচারে স্পষ্ট সমর্থন আছে’: বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে পৃথক একটি প্রশ্ন করেন এমপি হেলেনা। জবাবে প্রতিমন্ত্রী অ্যানলি বলেন, মুক্তিযুদ্ধকালে নৃশংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার বিষয়ে বাংলাদেশের পদক্ষেপে যুক্তরাজ্যের স্পষ্ট সমর্থন রয়েছে। কিন্তু বিচারের আন্তর্জাতিক মানদণ্ড মেনেই এটি হতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো অব্যাহতভাবে এই বিচার-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। ২০১৩ সালে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কাউন্সিলের বাংলাদেশ-বিষয়ক পর্যালোচনায় এই বিচারে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে যুক্তরাজ্য আহ্বান জানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি প্রাধান্য পাবে।