বিশ্বব্যাপী মত প্রকাশে বাধা দিতে সরকারগুলো অনেক আইন তৈরি করে। এসব আইনের বিরুদ্ধে জনগণকেই লড়াই করতে হবে। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
বাংলা একাডেমিতে গতকাল শুক্রবার হে ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ শিরোনামের অধিবেশনে এসব কথা বলেন লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের সভাপতি রালস্টন সল।
আলোচনায় অংশ নেন মানবাধিকারকর্মী সি আর আবরার ও সাংবাদিক সলিল ত্রিপাঠি। ভারতীয় লেখক নীলাঞ্জনা রায় অধিবেশন সঞ্চালনা করেন।
এক ঘণ্টার এ আলোচনায় রালস্টন সল বলেন, গত ১৫ বছরে মত প্রকাশে বাধা দিতে নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এসব প্রতিবন্ধকতা অতীতের তুলনায় ধারালো। তিনি বলেন, অনেক দেশে মানুষের অনুভূতি, বিশ্বাস কিংবা ধর্মকে আঘাত করে কিছু বলা যাবে না এমন আইনও করা হয়। তিনি এ ধরনের আইনকে ‘ননসেন্স’ মন্তব্য করেন।
অপর আলোচক সি আর আবরার বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, ‘আমাদের এখানে ব্রিটিশ আমলে করা অনেক ‘কালো আইন’ আছে। সরকার বদল হয়, কিন্তু ওই আইনগুলোর ব্যবহার বদল হয় না। তিনি বলেন, কোনো দেশেই শাসকশ্রেণি অপরকে কথা বলার জায়গা দিতে চায় না। অথচ মত প্রকাশের স্বাধীনতা হলো সব অধিকারের ‘মা’। উন্নয়নের সঙ্গেও যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি জড়িত, সেটিও তারা বুঝতে চায় না।
এ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইন ও এ আইনের অধীনে সাত বছরের কারাদণ্ডের বিধান এবং কারও বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা করার যে রীতি গড়ে উঠেছে, সেগুলোকে মত প্রকাশে বাধা উল্লেখ করে আলোচকদের মত জানতে চান উপস্থিত দর্শকেরা।
ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক সলিল ত্রিপাঠি বলেন, ফেসবুক, গুগলের মতো জায়গায় এখনো সরকারগুলোর নিয়ন্ত্রণ নেই। তবে এসব ক্ষেত্রে তারা অনুরোধ, আবেদনের মাধ্যমেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
নীলাঞ্জনা রায় বলেন, মত প্রকাশে বাধার রীতি পুরোনো। আগামীর বিশ্বেও এটি অব্যাহত থাকবে। এসব সত্ত্বেও মানুষের স্বাধীন মত প্রকাশের চেষ্টা অব্যাহত থাকবে।