সব দলের অবাধে ও শান্তিপূর্ণ মত প্রকাশে সহায়ক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘাতমূলক রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। ঢাকায় মার্কিন দূতাবাস ও যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক দিনের ঘটনাবলি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে। আমরা দুই দলকে সহিংসতা এড়িয়ে চলতি বলছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ধরনের সহিংসতার স্থান নেই এবং তা গ্রহণযোগ্যও নয়।’ বিবৃতিতে আরও বলা হয়, অবশ্যই এমন একটি রাজনৈতিক পরিবেশ থাকতে হবে যেখানে সব দল অবাধে ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে। সহায়ক রাজনৈতিক পরিবেশ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচনের দিনক্ষণ খুব দ্রুত ঘনিয়ে আসছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সমাধানের পথ খুঁজে নিতে প্রধান দলগুলোকে অবশ্যই ইতিবাচক আলোচনায় যুক্ত হওয়া উচিত।
রবার্ট গিবসন বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক আলোচনার পরিবর্তে অব্যাহতভাবে আমরা সংঘাতমূলক কার্যক্রম দেখছি। এটি আমাকে হতাশ করছে। কারণ, বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ চায়, দুই দল সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের উপায় বের করবে।’