মত প্রকাশের স্বাধীনতা নেই পার্বত্য চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) কো-চেয়ারপারসন সুলতানা কামাল l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) কো-চেয়ারপারসন সুলতানা কামাল l ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামে মত প্রকাশের স্বাধীনতা নেই। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অভিযোগগুলো খতিয়ে দেখারও স্বাধীনতা নেই। পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) এ অভিযোগ করেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে সিএইচটি কমিশন। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম সফরের সময় কমিশন সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও সফরের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিশনের সদস্য ও ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের ভূমির একটি বড় অংশ সাধারণ পাহাড়ি বা বাঙালিদের হাতে নেই। এগুলো চলে গেছে বিভিন্ন সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী, বেসরকারি কোম্পানি ও সহিংস ভূমিদস্যুদের হাতে। সেখানকার জায়গাজমি, রাবারবাগান, সেগুনবাগান, অন্যান্য ব্যবসায়িক সম্পত্তিও প্রভাবশালীদের হাতে। কিন্তু তাঁরা কেউ পার্বত্য চট্টগ্রামে বাস করেন না। এই গোষ্ঠী শান্তিচুক্তির ভূমি কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ধারার বাস্তবায়ন চায় না।
সংবাদ সম্মেলনে কিছু সুপারিশ তুলে ধরেন ইফতেখারুজ্জামান। এর মধ্যে রয়েছে পাহাড়িদের জমি ‘বেদখল করা’ রাষ্ট্রীয় সংস্থা, বেসরকারি কোম্পানি ও সব ধরনের ভূমিদস্যুকে প্রতিহত করতে সরকারকে চাপ দেওয়া, সরকারি কাজে জমি নিতে হলে সংশ্লিষ্টদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসিত করা, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা ইত্যাদি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল অভিযোগ করে বলেন, পুলিশ ও প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
পুলিশি পাহারায় চট্টগ্রাম যাওয়ার পথে গত শনিবার রাঙামাটির ওমদা মিয়া হিল এলাকায় সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলা হয়। এতে ইফতেখারুজ্জামান, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও কমিশনের গবেষক ইলিরা দেওয়ান এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল আহত হন।
এ হামলার জন্য বাঙালিদের সংগঠন সম-অধিকার আন্দোলনসহ ছয় সংগঠনকে দায়ী করেছে সিএইচটি কমিশন। তবে সম-অধিকার আন্দোলন এই অভিযোগ অস্বীকার করেছে।
মামলা ও তা প্রত্যাহারের দাবি: নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি জানান, সিএইচটি কমিশনের গাড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এর একটি করেছেন কমিশনের সমন্বয়কারী হানা শামস আহমেদ এবং অপরটি করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আফিল আহমেদ। গতকাল মঙ্গলবার কমিশনের করা মামলায় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নূরজাহান ও হিরো তালুকদার নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, হত্যার উদ্দেশে ওই দুজনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। গত সোমবার পুলিশের পক্ষ থেকে করা মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল দুটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হামলায় অভিযুক্ত পার্বত্য সম-অধিকার আন্দোলনসহ ছয়টি বাঙালি সংগঠন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, সিএইচটি কমিশন মিথ্যাচারের মাধ্যমে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা মামলায় কাউকে হয়রানি করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।