মত প্রকাশের স্বাধীনতার বিকল্প নেই
মত প্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই। তাই বলে বিদ্বেষমূলক প্রচারণা মোকাবিলায় সহিংসতার আশ্রয় নেওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘মত প্রকাশের স্বাধীনতা ও বিদ্বেষমূলক প্রচারণা: সম্পর্ক ও সীমারেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আর্টিকেল ১৯ বাংলাদেশ এ বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানে আর্টিকেল ১৯-এর পরিচালক তাহমিনা রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব নয়। একইভাবে ধর্মীয় বিষয়ে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরিতে মত প্রকাশের স্বাধীনতার বিকল্প নেই।
অনুষ্ঠানে অধ্যাপক অজয় রায়, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, বেসরকারি প্রতিষ্ঠান সেইলসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুর রহমান ও ইউএনডিপির মানবাধিকারবিষয়ক পরামর্শক মিকা কানেরবাভরি বক্তব্য দেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংসদ শিরীন আখতার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন, অনলাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।