মতপার্থক্য থাকলে টিকফা সই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের মতপার্থক্য থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করবে না বাংলাদেশ। গতকাল শনিবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।সকালে পররাষ্ট্রসচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ফরেন সার্ভিস ক্লাব ফ্যামিলিস’ আয়োজিত মিনা বাজার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। চুক্তি সইয়ের বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, টিকফার খসড়ায় থাকা কয়েকটি বিষয়ে বাংলাদেশের আপত্তির কথা যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চার বছর ধরে টিকফার বিষয়ে আলোচনা চললেও মূলত শ্রমমানের কয়েকটি বিষয়ে ঐকমত্য না হওয়ায় তাতে ছেদ পড়ে। গত বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে টিকফা আলোচনা ফের শুরুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।