মতপ্রকাশে বড় বাধা কিছু আইন ও হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতপ্রকাশের স্বাধীনতায় বড় বাধা কিছু আইন, আইনবহির্ভূত হয়রানি ও গ্রেপ্তার। আর্টিকেল ১৯ বাংলাদেশের ‘সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মীদের পেশাগত ঝুঁকি’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৭’ উপলক্ষে গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
আর্টিকেল ১৯-এর এই প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ১৪১ জন সাংবাদিক, ৩ জন সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মী, ৩ জন প্রকাশনাকর্মী সহিংসতার শিকার হয়েছেন। এগুলোসহ মোট ৩২০টি সহিংস ঘটনার মধ্যে আইনবহির্ভূত গ্রেপ্তার, ফৌজদারি মানহানি মামলা, হয়রানিমূলক মামলা ও আইসিটি অ্যাক্ট (৫৭ ধারা) সংক্রান্ত বিষয়ে মামলা ও গ্রেপ্তার ছিল ৩৯ শতাংশ। শারীরিক আঘাতজনিত ঘটনা ছিল ১৯.৪ শতাংশ, পেশা-সংশ্লিষ্ট যন্ত্রপাতির ক্ষতি বা ধ্বংস ছিল ১৮.৪ শতাংশ, হুমকি ও অপহরণ-সংক্রান্ত ঘটনা ছিল ১৫ শতাংশ এবং গ্রেপ্তার ও পুলিশি রিমান্ডজনিত ঘটনা ছিল ৭.২ শতাংশ।
প্রতিবেদনটি বলছে, সংবাদকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের ক্ষেত্রে ৫৭ ধারার প্রয়োগ ছিল উদ্বেগজনক। পেশাগত অবদমনে ১৮৬০ সালের পেনাল কোড অ্যাক্ট, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অ্যাক্ট (২০১৩ সালে সংশোধিত), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪—এই আইনগুলো বাধা হয়ে দাঁড়ায়।
গত বছরে বিভিন্ন আইন দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে পেশাগত ঝুঁকি মোকাবিলা করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উদাহরণ হিসেবে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৬৬টি ফৌজদারি মানহানির মামলাসহ ৮৩টি মামলার কথা বলা হয়।
আর্টিকেল ১৯-এর পর্যবেক্ষণ বলছে, মফস্বলের গণমাধ্যমকর্মীরা বেশি পেশাগত ঝুঁকিতে থাকেন। সংবাদকর্মীদের ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি ভাঙচুরের প্রবণতা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৫ সাল থেকে সাংবাদিক হত্যাকাণ্ড সম্পর্কিত ৫১টি মামলার বিচার কার্যক্রমের মধ্যে মাত্র ২টি মামলার রায় হয়েছে। বাকি মামলার বিচার কার্যক্রম এখনো তদন্ত পর্যায়ে আছে।