দেশে রাজনৈতিক মতপ্রকাশের সুযোগ কমেছে। বেড়েছে উগ্রবাদী সন্ত্রাস। তবে জঙ্গিবাদ দমনে সরকার সফল বলে মনে করেন বেশির ভাগ মানুষ। বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, ধর্মান্ধতা ও উগ্রবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি জরিপের পর্যবেক্ষণে এসব কথা বলা হয়েছে।
জরিপে বলা হয়, গত জুলাইয়ে গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার পরও দেশ সঠিক পথে চলছে বলে মনে করেন দেশের ৭০ শতাংশ মানুষ। ৬ ডিসেম্বর ওয়াশিংটনে উড্রো উইলসন সেন্টারে এক প্যানেল আলোচনায় জরিপের ফলাফল নিয়েও পর্যালোচনা করা হয়। যার লক্ষ্য, যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নীতি গ্রহণে প্রভাবিত করা।
ওই আলোচনায় প্যানেল আলোচক হেরিটেজ ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতিত্ব পাওয়ার দাবিদার। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের সুযোগ সীমিত হওয়ার বিষয়টি ব্যর্থতা হিসেবে দেখেন তিনি। তার মতে, ধর্মান্ধ শক্তিগুলো নতুন মেরুকরণ হওয়া রাজনৈতিক পরিবেশে বিকশিত হয়।
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে লিসা বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা। বিশেষ করে সাম্প্রতিক হামলাগুলোর তদন্ত এবং স্থানীয় জঙ্গি গ্রুপগুলোর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গ্রুপগুলোর সম্পৃক্ততার বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো দরকার। আলোচনায় অংশ নেন উড্রো উইলসন সেন্টারের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্যেষ্ঠ সহযোগী মাইকেল কুগলম্যান ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন কোয়ান।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসএইড ও যুক্তরাজ্যভিত্তিক ইউকেএইডের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গত ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করে। ইন-হাউস কম্পিউটার অ্যাসিসট্যান্ড টেলিফোন সার্ভে সিস্টেমের মাধ্যমে ১ হাজার ৪৫৩ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে সাক্ষাতকার নিয়ে পরিচালিত ওই জরিপে নারী-পুরুষ, গ্রাম ও শহর এবং সাতটি বিভাগের মানুষের মতামত অন্তর্ভুক্ত করা হয়।
জরিপে দেখা যায়, জঙ্গিবাদকে এককভাবে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন দেশের ২৪ শতাংশ মানুষ। জঙ্গি হামলা প্রতিরোধে সরকার চমৎকার কাজ করছে বলে মনে করেন ৭৭ শতাংশ মানুষ। জরিপে অংশ নেওয়া ৩৮ শতাংশ মানুষ রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের স্বাধীন বলে মনে করেন না। ৫৪ শতাংশ মানুষ অবশ্য মনে করেন, তারা স্বাধীনভাবে রাজনৈতিক মতপ্রকাশ করতে পারেন।
৩৫ শতাংশ মানুষ ভোট দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাননি, যেটি ২০১৪ সালের জরিপে ছিল ৫ শতাংশ। জরিপে বলা হয়, আজ যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাবে ৩৮ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী দল বিএনপি পাবে ৫ শতাংশ ভোট। জাতীয় পার্টি ১ শতাংশ ও জামায়াতে ইসলামী পাবে ২ শতাংশ ভোট। ২০১৪ সালের ডিসেম্বরে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে আওয়ামী লীগ ৩৮ শতাংশ এবং বিএনপি ৩৫ শতাংশ ভোট পাবে বলে উল্লেখ করা হয়েছিল। এবার আওয়ামী লীগের ভোট একই থাকলেও বিএনপির ভোট ৫ শতাংশে নেমে গেছে বলে জরিপে বলা হয়।
এই জরিপ প্রসঙ্গে মতামত জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, জরিপের মতামত অনেক সময় স্থান, সংখ্যা, রাজনৈতিক পরিবেশসহ অনেক কিছুর ওপর নির্ভর করে। তা ছাড়া, ভোটের ফল বেশির ভাগ ক্ষেত্রে অনুমান করা যায় না। তবে তিনি মনে করেন, ৩৫ শতাংশ মানুষ কোনো দলের নাম বলতে না চাওয়ার অর্থ হচ্ছে রাজনীতি বা রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থাহীনতা। তারা নিজেদের কাছে স্পষ্ট নয়, কাকে ভোট দেবে। তাই চূড়ান্ত ফলাফলে তাদের একটা বড় প্রভাব থাকবে। যারা তাদের সমর্থন আদায় করতে পারবে এবং এই লক্ষ্য নিয়ে কাজ করবে, তারাই তাদের ভোট পাবে।
জঙ্গিবাদ বিষয়ে জরিপের ফল সম্পর্কে সুলতানা কামাল বলেন, জঙ্গি দমনে তাৎক্ষণিক কিছু ফল যাওয়া যাচ্ছে, যদিও দীর্ঘমেয়াদি কী হবে তা, স্পষ্ট নয়। বাক্স্বাধীনতা কমা প্রসঙ্গে জরিপের তথ্য অনেকটাই সঠিক বলে মত দেন তিনি। তার মতে, তথ্যপ্রযুক্তি আইন ও বেসরকারি সংস্থার জন্য আইনসহ বিভিন্ন আইনকানুনের ফলে মতপ্রকাশের স্বাধীনতা কমেছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, জরিপের তথ্যগুলো বিশ্বাস করা কঠিন। তা ছাড়া, জরিপে অংশগ্রহণকারীর সংখ্যাও কম। তবে এটা সত্য যে, মানুষ মত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। জঙ্গি দমনে কিছু সফলতা আছে। কিন্তু এখন আবারও তরুণেরা নিখোঁজ হচ্ছেন। এর মানে জোর করে, জেলে পুরে বা কথিত বন্দুকযুদ্ধে হত্যা করে জঙ্গিবাদ নির্মূল করা যায়নি।