মতপ্রকাশের স্বাধীনতা খর্ব, গুম-বিচারবহির্ভূত হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব করা অব্যাহত রয়েছে। গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা প্রদান ও দমন করা হয়েছে। কিছু ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারিকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। বন উজাড় ও ভূমি দখলের কারণে সম্পদস্বল্পতার মুখে পড়েছে ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসী। শরণার্থী ও ধর্মীয় সংখ্যালঘুরা সহিংস হামলার শিকার হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ ও ভিন্নমতের ওপর কর্তৃপক্ষ ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। কোভিড-১৯ মহামারি মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করায় সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক ও সমালোচকদের পরিবারের সদস্যরা গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। বাংলাদেশের ‘দানবীয়’ ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন ১০ মাস আটক ও নির্যাতনের শিকার হয়ে এক লেখকের কারাগারে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আইনটি বাতিলে বিক্ষোভ হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন গত বছরে ৪৩৩ জনকে কারাগারে পাঠানো হয়। এ আইনের ২৫ ধারার ১ অনুচ্ছেদের অধীন তাঁদের অধিকাংশকেই ‘ভুয়া অথবা আক্রমণাত্মক তথ্য’ ছড়ানোর দায়ে আটক করা হয়। আটকের এই সংখ্যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। এ আইনের ২৫, ২৯ ও ৩১ ধারা পদ্ধতিগতভাবে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, মানবাধিকারকর্মীসহ ভিন্নমতকে লক্ষ্যবস্তু ও হয়রানি করতে ব্যবহার করা হয়েছে। এসব কর্মকাণ্ড ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের (আইসিসিপিআর) অধীন করা বাংলাদেশের অঙ্গীকার, এমনকি নিজেদের সাংবিধানিক বাধ্যবাধকতার বিরোধী।

সরকারের গোপনীয় নথি চুরি ও গোয়েন্দাগিরির কথিত অভিযোগে গত বছরের ১৭ মে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তিনি স্বীকৃত কোনো ফৌজদারি অপরাধ করেছেন—এমন সুনির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারেনি।

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মানবাধিকার–সম্পর্কিত পাঁচটি নিউজ পোর্টালসহ সরকার ওয়েবসাইটও বন্ধ করেছে। এসব ওয়েবসাইটের মধ্য রয়েছে কানাডা থেকে প্রকাশিত বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা নিউজ পোর্টাল ‘হিল ভয়েস’।
নির্বাসিত সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গত অক্টোবরে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের চার দিন আগে থানায় দায়ের করা এক অভিযোগে তিনি বলেছিলেন, তাঁর তথ্য ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে সরকারের সমালোচনা করা হয়েছে। রাকার অভিযোগ তদন্তের পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। ভাই সরকারের সমালোচনা করায় রাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তাঁর ভাই।
সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে দুর্গাপূজার কমপক্ষে ৪০টি মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের ২৫টি ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সহিসংতায় কমপক্ষে সাতজন নিহত হন। আহত হন কয়েক শ। কর্তৃপক্ষ এসব ঘটনায় ৭১টি মামলায় ১০ হাজার ব্যক্তিকে আসামি করে এবং ৪৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে। আগের সাম্প্রদায়িক হামলাগুলোর বিচার না হওয়ায় একধরনের দায়মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতা এবং পুলিশ, সরকারি ও বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ৯৩২ ঘটনায় কমপক্ষে ১৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৮৩৩ জন। বিরোধী নেতাদের আটক করা হয়েছে। অন্যথায় বিক্ষোভ প্রদর্শনে বছরজুড়ে তাঁদের বাধা দেওয়া হয়েছে।

বিচারবহির্ভূত হত্যা ও গুম প্রসঙ্গে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, আসকের তথ্য অনুযায়ী ২০২১ সালে ৮০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৭৩ জন কথিত ‘বন্দুকযুদ্ধ’ ও ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। বাকি ৭ জন শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা যান। আরেকটি মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৯ মাসে ১৮ জন গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নারীর প্রতি সহিংসতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ১ হাজার ৩২১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আগের বছরের তুলনায় যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা বেড়েছে। ২২৪ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন বলে আসক জানিয়েছে। পাশাপাশি রয়েছে ছেলেসঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নারীদের সহিংসতার শিকার হওয়ার আরও ঘটনা।

রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিন মাসে কক্সবাজারের শরণার্থী শিবিরে সহিংসতা বেড়েছে। আগুনে আশ্রয়ণের ঘর পুড়েছে। এসব ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার। কুতুপালং শিবিরে গত ২৯ সেপ্টেম্বর সুপরিচিত রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। সহিংস গ্রুপের হাতে ২২ অক্টোবর কালুখালী ক্যাম্পে আরও সাতজন নিহত হন।

বাংলাদেশ ১৯ হাজার রোহিঙ্গাকে বঙ্গোপসাগরের প্রত্যন্ত ভাসানচর দ্বীপে স্থানান্তর করছে; যদিও দ্বীপটির অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। মূল ভূখণ্ডের শিবিরে পরিবার ও বন্ধুবান্ধব থাকা এসব শরণার্থীর দ্বীপ ছেড়ে অন্যত্র যাওয়ার কোনো অনুমতি নেই।

পালাতে গিয়ে ২০ জনের বেশি শরণার্থী গ্রেপ্তার অথবা আটক হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। পূর্বানুমতি ছাড়া দ্বীপটি ভ্রমণের অনুমতি নেই সাংবাদিক, মানবাধিকার ও দাতব্য সংস্থার কর্মীদের।