মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তরায় সৃষ্টি করে, এমন কোনো আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। 

একই সঙ্গে বহুল অপপ্রয়োগের কারণে বিতর্কিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা অবিলম্বে বাতিল এবং সাংবাদিকদের বিরুদ্ধে ওই আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
শনিবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত নোয়াবের এক সভায় গৃহীত প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। রোববার নোয়াবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নোয়াব বলেছে, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রকৃতপক্ষে সংবাদপত্রশিল্পের ওপরও আঘাত।
নোয়াব সরকারের প্রস্তাবিত নতুন ডিজিটাল আইন এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় আইসিটি আইনের ৫৭ ধারার অনুরূপ বিধান সংযোজনের উদ্যোগে উদ্বেগ জানিয়ে সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী কোনো পদক্ষেপ না নিতে আহ্বান জানায়। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানিমূলক মামলায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি