প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল শনিবার ‘বারি বিটি-৩’ জাতের বেগুনের উপযোগিতা নিয়ে ১৫০ জন কৃষকের মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগ এ সভার আয়োজন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল পৌর এলাকার নওধার গ্রামের কৃষক আবুল হোসেন ও তমিজ উদ্দিন সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় গত নভেম্বর তাঁদের ৪৮ শতক জমিতে এ বেগুনের চাষ করেন। দুজন কৃষকই ভালো ফলন পান। বিষয়টিকে সফলতা হিসেবে আখ্যায়িত করে অন্যান্য কৃষককে বেগুন চাষে উৎসাহিত করতে গতকাল এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জালাল উদ্দিন।