বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) শিক্ষার্থীদের সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিঙ্গাপুরে কর্মরত বিআইএমটির প্রাক্তন ছাত্রদের সংগঠন বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিআইএমটি ক্যাম্পাস মিলনায়তনে এ সভা হয়। সভায় বক্তারা বলেন, সিঙ্গাপুরে মেরিন টেকনোলজি জানা একজন বাংলাদেশি সাধারণ ছয়জন শ্রমিকের চেয়ে বেশি বেতন পান। তাঁরা বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন ক্যাডেটদের ব্যাপক চাহিদা রয়েছে। তাই মেরিন ক্যাডেট তৈরিতে সরকারের আরও উদ্যোগী হতে হবে। সভায় প্রধান অতিথি ছিলেন বিআইএমটির অধ্যক্ষ প্রকৌশলী মো. আকরাম আলী। বক্তব্য দেন বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সভাপতি মোহাম্মদ হাসান মিয়া, সাধারণ সম্পাদক আজগর হোসেন প্রমুখ।